হবিগঞ্জে কমিউনিস্ট পার্টির সম্মেলনে বক্তারা
জনগণ এখন বিকল্প খুঁজছে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা শাখার সম্মেলনে বক্তারা বলেছেন, ৪১ বছর আওয়ামীলীগ-বিএনপি-জাতীয় পার্টিসহ সামরিক-বেসামরিক সরকারগুলোর দুঃশাসনের ফলে জনজীবনের সংকট চরম আকার ধারণ করেছে। দুদর্শা ঘুচাতে জনগণ ঘুরেফিরে লুটেরাদেরকেই বার বার ক্ষমতায় বসিয়েছে। এভাবে বাঁচার আশায় একবার ফুটন্ত কড়াইয়ে আবার জলন্ত চুলায় ঝাঁপ দিয়েছে। কঠিন অভিজ্ঞতায় জনগণ আর পুরনো শাসকদের দুঃশাসন দেখতে চায় না। জনগণ এখন বিকল্প খুঁজছে। কমিউনিস্ট পার্টি জনগণের আকাক্সক্ষা বুঝে তাদের সামনে দেশপ্রেমিক বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তি হাজির করেছে। একমাত্র এই বামপন্থী শক্তিই জনগণকে দুর্দশা থেকে মুক্তি দিতে পারে। গতকাল এম. সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অষ্টম সম্মেলনের উদ্বোধন করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এডভোকেট সোহেল আহমেদ ও জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমান। পরে হলের ভিতরে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক কমরেড মনিরুল ইসলাম বারেকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির দুই সদস্য কমরেড এডভোকেট সোহেল আহমেদ ও কমরেড শাহরিয়ার মোহাম্মদ ফিরোজ, জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড শাহ মাহবুবুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মুরলী ধর দাশ, কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক বন্ধু মঙ্গল রায় প্রমূখ।
পরে কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কমরেড হাবিবুর রহমানকে পুনরায় সভাপতি ও কমরেড পীযূষ চক্রবর্তীকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি