মহাজোট সরকারের পতন না হওয়া পর্যন্ত দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে
হবিগঞ্জে বিএনপির সভায় শমসের মুবিন চৌধুরী
স্টাফ রিপোর্টার ॥ বিএনপি কেন্দ্রীয় সহ-সভাপতি এম শমসের মুবিন চৌধুরী বলেছেন, পদ্মা সেতু, হলমার্ক কেলেঙ্কারীসহ রাষ্ট্রীয় দুর্নীতিতে নিমজ্জিত আওয়ামী মহাজোট সরকারের পতন এখন সময়ের ব্যাপার। তিনি বলেন, আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনমত গঠন করতে বেগম খালেদা জিয়া রাজপথে নেমেছেন। এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের ঘরে বসে না থাকার আহবান জানিয়ে তিনি বলেন, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণকে সাথে নিয়ে সরকার বিরোধী দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আগামী ৬ অক্টোবর হবিগঞ্জে বেগম জিয়ার জনসভাকে ঐতিহাসিক জনসমাবেশে রূপান্তরিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
শমসের মুবিন চৌধুরী গতকাল বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হবিগঞ্জ আগমন উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সাবেক এমপি আবু লেইছ মোঃ মুবিন চৌধুরী, এডভোকেট খালিকুজ্জামান চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম প্রমুখ।
সভায় জেলা বিএনপি সদস্য প্রভাষক ফজলুল হক বাদল, এমপি শাম্মী আক্তার শিপা’র পিতা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, হবিগঞ্জ পৌর জামাতের সাবেক আমির এডভোকেট মোঃ নুরুল হোসেন, বাহুবল থানা যুবদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তালুকদার, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুস শহীদ, জেলা যুবদল নেতা আব্দুল কাদির সিতুসহ মৃত্যুবরণকারী বিএনপি নেতাদের নামে শোক প্রস্তাব গৃহীত হয়।