মাধবপুরে বিজিবি ও বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে যৌথ সীমান্ত সমন্বয় সভা
সীমান্ত অপরাধ অবৈধ অনুপ্রবেশ মাদক চোরাচালানসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান ম্যানেজার বাংলোতে গতকাল বুধবার সকালে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রায় সাড়ে ৪ ঘন্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ-ভারত সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার আওতায় উভয় পক্ষের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত সংক্রান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য চোরাচালান, নদীর তীর সংরক্ষণসহ সীমান্তের নিকটবর্তী বিভিন্ন মেরামত ও উন্নয়ন মূলক কাজ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ খায়রুজ্জামান এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি রাজিব সিনহা। বাংলাদেশের পক্ষে বিজিবি কুমিল্লা সেক্টরের অধীনস্থ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান সরাইল এর অধিনায়ক লেঃ কর্ণেল মোস্তাফিজুর রহমান পিএসসি, সিলেট সেক্টরের অধীনস্থ ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ান শ্রীমঙ্গল এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌহিদ বিন ইছাক সহ ৬ জন কর্মকর্তা, বিএসএফের পক্ষে ১০ এবং ৭৩ বিএসএফ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত কমান্ডেন্ট এসকে মেহতা, স্টাফ অফিসার এসআর দাশ, এমপি সিংহ, ডিসি সুদীব কুমার, এনকে চৌধুরীসহ ৭ অফিসার সভায় উপস্থিত ছিলেন। বৈঠকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে বিজিবি-বিএসএফ ঐক্যমতে পৌঁছে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।