বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় প্রবীণ আইনজীবী নূরুল হোসেনের করুণ মৃত্যু
নজরুল ইসলাম ॥ বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব নূরুল হোসেনের করুণ মৃত্যু ঘটেছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় জেলা রেজিস্ট্রার অফিসের সামনে এই দুর্ঘটনায় ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
বিভিন্ন সূত্র জানায়, এডভোকেট নূরুল হোসেন গতকাল সকালে যথারীতি আদালতে কর্মস্থলে আসেন। সেখানে পেশাগত কাজ সেরে টমটমযোগে ভাদৈ এলাকায় রেজিস্ট্রার অফিসের উদ্দেশ্যে রওয়ানা হন। এলজিইডি অফিসের সামনে নেমে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ভাদৈ থেকে শহরমুখী দ্রুতগতি সম্পন্ন মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় পড়ে মাথার পেছন দিকে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। উপস্থিত লোকজন তাকে একটি টমটমে তুলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরই তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু সংবাদ শুনে আইনজীবীসহ শত শত লোক হাসপাতালে ছুটে আসেন। এ সময় উপস্থিত অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। হাসপাতাল থেকে মরহুমের মৃতদেহ একটি এম্বুলেন্সযোগে তার হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকাস্থ বাসভবনে আনা হয়। এদিকে যে মোটর সাইকেল তাকে ধাক্কা দেয় তার কোন পরিচয় পাওয়া যায়নি। তবে অন্য একটি সূত্রে জানা গেছে মোটর সাইকেল আরোহী ভাদৈ গ্রামের। সে বর্তমানে পলাতক রয়েছে। বিকেল সাড়ে ৫টায় মরহুমের প্রথম জানাজা জজকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আইনজীবী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোক জানাজার নামাজে অংশ নেন। জানাজার আগে মরহুমের জীবনের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, সাবেক এমপি এডভোকেট চৌধুরী আব্দুল হাই, জেলা বার-এর সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হান্নান, সাবেক সভাপতি আব্দুর রউফ, এডভোকেট রহমতে এলাহী, জামায়াতে ইসলামী হবিগঞ্জের আমীর মৌলানা মুখলেছুর রহমান ও মরহুমের দ্বিতীয় ছেলে মোকাম্মেল হোসেন রবিন। জানাজার নামাজে ইমামতি করেন জেকে এন্ড এইচকে হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মৌলানা আব্দুর রহমান।
জানাজা শেষে মরহুমের লাশ তার গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম নূরুল হোসেন মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বড় ছেলে মোজাম্মেল হোসেন তুহিন পরিবার নিয়ে লন্ডনে বসবাস করছেন। ব্যক্তি জীবনে আলহাজ্ব নূরুল হোসেন অত্যন্ত পরহেজগার ও অমায়িক চরিত্রের লোক ছিলেন।