গণিতকে জয় করতে পারলে ভবিষ্যত প্রজন্ম সত্যিকারের মেধাবী হয়ে গড়ে উঠবে
স্টাফ রিপোর্টার ॥ ইউনির্ভাসিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব হবিগঞ্জ ঊষা ও রোটারী ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে দু’দিন ব্যাপী ম্যাথ ক্যাম্প সম্পন্ন হয়েছে। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শুক্র ও শনিবার এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। গত শুক্রবার সকালে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফফার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল ওয়াদুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান, রোটারী জেলা ৩২৮০ বাংলাদেশের এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলী, রোটারী ক্লাব অব হবিগঞ্জের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান শহীদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট আইনজীবী রোটারিয়ান এডভোকেট আবুল খায়ের। ঊষা সাধারণ সম্পাদক শাহ সৈয়দ উল হাসান সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব হবিগঞ্জের সেক্রেটারী রোটারিয়ান প্রদীপ দাশ সাগর, ঊষা’র সাংগঠনিক সম্পাদক জ্যোতি বিকাশ দাশ।
জেলা প্রশাসক মাহমুদ হাসান বলেন, আমাদের সন্তানদের গণিত ভীতি দূর করতে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, মুখস্থ করে পরীক্ষায় হয়তো ভাল ফলাফল করা যায়। কিন্তু গণিত চর্চার জন্য প্রয়োজন মেধার। গণিতকে জয় করতে হবে। তবেই আমাদের ভবিষ্যত প্রজন্ম সত্যিকারের মেধাবী হয়ে গড়ে উঠবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি ফনীভূষণ দাশ, জগদীশ চন্দ্র মোদক, মোদাব্বির হোসেন, তাহমিনা বেগম গিনি, স্বদীপ বণিক, বাদল কুমার রায়, ডাঃ এস এস আল আমিন সুমন, ঊষা উপদেষ্টা সাংবাদিক শাহ ফখরুজ্জামান, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের নেতৃবৃন্দসহ অভিভাবকবৃন্দ।
ক্যাম্পে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় গণিত অলিম্পিয়াডের প্রশিক্ষকবৃন্দ।









