এস এম সুরুজ আলী ॥ হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে দেওয়ান মাহবুব রাজার মাজারে প্রতি বৃহস্পতিবার গানের আসর জমে উঠে। এতে হবিগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে মহিলা শিল্পীদের এনে রাতভর ধর্মীয়সহ বিভিন্ন গান পরিবেশন করা হয়। এতে দেওয়ান মাহবুব রাজার ভক্ত আশেকানসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ভিড় জমান। আবার অনেক ভক্ত বৃহস্পতিবার দেওয়ান মাহবুর রাজার মাজার জিয়ারত করতে যান। গত বৃস্পতিবার রাতে মাজার প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, উঠতি বয়সের যুবক বৃদ্ধাসহ অসংখ্য লোকজন ভিড় জমিয়েছেন গান শোনার জন্য। রাত ১০টা বাজার সাথে সাথেই গানের আসর শুরু হয়। আসরে সামনে সারিতে শহরের নামিদামি ব্যবসায়ী, সরকারি কর্মকর্তারাও বসেন। তারা রাতভর শিল্পীদের গান উপভোগ করার পাশাপাশি তাদের গানে মুগ্ধ হয়ে নগদ টাকা উপহার দেন। মাজারের চারপাশে কিছু গাঁজাসেবীদের গাঁজা সেবন করতে দেখা গেছে। গানের আসরে হবিগঞ্জের এমদাদ দেওয়ান, ইতিশা, বিউটি, শাহনাজ আক্তার সিলেটের জালালী সালমা গান পরিবেশন করেন। এদিকে গতকাল রাতে হবিগঞ্জ-বানিয়াচঙ্গ বাসস্ট্যান্ড এলাকায় হিজড়াদের সর্দার ছায়েব আলীর দোকানের সামনে খাঁজা বাবা স্মরণে গানের আসরের আয়োজন করা হয়। এতে গান উপভোগ করতে অসংখ্য লোক ভিড় জমান। এতে ছায়েব আলীসহ তার দলের অনেক হিজড়া গান পরিবেশন করেন।









