মনতলা রেল লাইনের পাশ থেকে স্কুল ছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
এক মাদ্রাসা ছাত্রীর মামলায় নিহত শাহজাহান প্রায় ৩ সপ্তাহ জেল খাটে
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনের অদূরে রাজাপুর এলাকা থেকে এক স্কুলছাত্রের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল শনিবার ভোরে বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে ও আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শাহজাহান (১৭) এর ক্ষত-বিক্ষত লাশ পথচারীরা দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ শাহজাহানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। নিহতের পিতা সেলিম মিয়া অভিযোগ করে বলেন- একই এলাকার আবেদ আলীর লোকজন তার ছেলেকে হত্যা করে লাশ ট্র্রেনের নিচে ফেলে দিয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়- প্রায় আড়াই মাস পূর্বে আবেদ আলীর মাদ্রাসা পড়–য়া কন্যা বাদী হয়ে শাহজাহানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। ওই মামলায় শাহজাহান জেল খেটে প্রায় ৩ সপ্তাহ আগে জামিনে মুক্তি পায়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির এএসআই শাহ আলম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা না হত্যা ময়না তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। মাধবপুর থানার ওসি অমল কুমার ধর জানান, এ ব্যাপারে আমরা কোন সংবাদ পাইনি।