এস এম সুরুজ আলী ॥ আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো ঈদ। পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার জন্য অনেকেই নাড়ীর টানে বিভিন্ন স্থান থেকে হবিগঞ্জ শহরে কিংবা জেলার বিভিন্ন গ্রামে এসেছেন। মা-বাবা ভাই বোনের সাথে ঈদ করতে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ পোস্টার, ঈদকার্ড, স্থানীয় পত্রিকাগুলোতে বিজ্ঞাপনের মাধ্যমে জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রেডিও ও টেলিভিশনে বেজে উঠবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই গান ‘রমজানের ঐ রোজা শেষে এলো খুশির ঈদ’। সাথে সাথে পাড়া-মহল্লায় মসজিদে মসজিদে মাইকে ঘোষণা আসবে ঈদ মোবারক। এদিকে গতকাল শেষ মুহূর্তে ঈদের বাজারে ছিল সব বয়সি মানুষের উপচেপড়া ভিড়।









