বানিয়াচঙ্গে ছাগল নিয়ে ঝগড়ার জের ॥ ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গলা টিপে হত্যা
তোফায়েল রেজা সোহেল, বানিয়াচঙ্গ থেকে ॥ বানিয়াচঙ্গে ছাগল নিয়ে ঝগড়ার জের ধরে আব্দুল কাদির (৬০) নামে এক ব্যক্তিকে গলা টিপে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে উপজেলার দুর্গম এলাকা দৌলতপুর গ্রামের উত্তরপাড়ায়।
পুলিশ জানায়, ফরিদ মিয়া তার একটি ছাগল লালন পালন করার জন্য একই গ্রামের তারা মিয়ার কাছে ‘বাগি’ দেন। ছাগলটি একসময় হারিয়ে যায়। উভয়পক্ষ খোঁজাখুঁজি করে এক পা ভাঙ্গা অবস্থায় ছাগলটি ওই গ্রামের আব্দুল কাদিরের বাড়িতে পাওয়া যায়। এ নিয়ে গ্রামের পঞ্চায়েত বসে। পঞ্চায়েতে ছাগলটিকে সুস্থ করে ফেরত দেয়ার নির্দেশ দেন আব্দুল কাদিরকে। নির্ধারিত দিনে ছাগলের মালিক ফরিদ মিয়া ছাগল আনতে গেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল কাদিরকে গলা চেপে ধরলে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। মার্কুলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলাম জানান, বিকেল পর্যন্ত কোনো লিখিত এজাহার দায়ের হয়নি।

প্রথম পাতা