বাহুবলের পল্লীতে জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা
মহিলাসহ আহত ৩
বাহুবল প্রতিনিধি ॥ জমি নিয়ে বিরোধের জের ধরে বাহুবলের পল্লীতে বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় মহিলাসহ অন্তত ৩ জন আহত হয়েছে। গতকাল বিকেল ৩টায় উপজেলার দ্বিমুড়া গ্রামে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, দ্বিমুড়া গ্রামের ময়না মিয়ার সাথে একই গ্রামের একলাছ মিয়া ও আলাই মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধীয় জমির একটি গাছ থেকে ফল পাড়া নিয়ে দু’পক্ষের লোকজনের বাকবিতন্ডা বাধে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ময়না মিয়ার অভিযোগ, হামলাকালে তার বাড়িঘরে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত ময়না মিয়া (২৩), তার স্ত্রী হাসনা খাতুন (২১) ও মা রোকেয়া খাতুনকে (৪৫) বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।