অতিরিক্ত পিপি ও নোটারী পাবলিক এডভোকেট হাবিবুর রহমান খানের বাসায় ভৌতিক বিল
বিদ্যুত বিভাগের গুদাম রক্ষক করিমের বিরুদ্ধে ঘুষের অভিযোগ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিদ্যুত সরবরাহ বিভাগের গুদাম রক্ষক আব্দুল করিমের চাহিদা মত উৎকোচ না দেয়ায় হবিগঞ্জের অতিরিক্ত পিপি ও নোটারী পাবলিক এডভোকেট হাবিবুর রহমান খানের বাসায় ভৌতিক বিদ্যুত বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকার বাসিন্দা এডভোকেট হাবিবুর রহমান খান দৈনিক খোয়াইকে জানান, এপ্রিল মাসে বিদ্যুত বিভাগের গুদাম রক্ষক আব্দুল করিম আরও ২ ব্যক্তিকে সাথে নিয়ে তার বাসায় এসে জানতে চান তাদের বাসায় কি কি জিনিস আছে। তারা জানতে চান বাসায় টিভি, ফ্রিজ ও এসি আছে কি-না। এসব তথ্য জেনে আব্দুল করিম এডভোকেট হাবিবুর রহমান খানের কাছে প্রতি মাসে ১ হাজার টাকা অথবা বছরে ১২ হাজার টাকা দাবি করেন। তিনি হাবিবুর রহমান খানকে জানান, এভাবে টাকা না দিলে তার বাসায় প্রতিমাসে অতিরিক্ত বিল বসিয়ে দেয়া হবে। আব্দুল করিমের কথামতো টাকা দিতে রাজি না হওয়ায় মে মাসে এডভোকেট হাবিবুর রহমানের বাসার বিদ্যুত বিলে ৪০ ইউনিটে ১৪১ টাকার স্থলে ৪০০ ইউনিট দিয়ে ১৮২৮ টাকা উল্লেখ করা হয়। এডভোকেট হাবিবুর রহমান খান বিলটি নিয়ে বিদ্যুত অফিসে তার সাথে দেখা করলে আব্দুল করিম অশোভন আচরণ করেন। তিনি এডভোকেট হাবিবুর রহমান খানকে পরে বিল পাঠানো হবে বলে বিদায় করে দেন। কিন্তু জুন মাসের বিলে মে মাসের ১৮২৮ টাকা যোগ করে পুনরায় বিল পাঠানো হয়।
এডভোকেট হাবিবুর রহমান বলেন, তার বাসার বিগত মাসের বিলগুলো খতিয়ে দেখা যায় ২০১১ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রতিমাসে ৪০ ইউনিট করে ১৪১ টাকা করে বিল দেয়া হয়। তিনি জানান, গত ২১ জুলাই তার মিটার রিডিংয়ে দেখা গেছে ৪০৬৫ ইউনিট। অথচ তার বিলে ৪২২০ ইউনিট ব্যবহার হয়েছে বলে উল্লেখ করা হয়। বিষয়টিকে তিনি চাঁদাবাজি হিসেবে বিবেচনা করে এ ব্যাপারে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
শেষ পাতা