মোহাম্মদ নুর উদ্দিন ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে এক মহিলার স্বর্ণের চেইন ছিনতাই’র অভিযোগে ৩ মহিলাকে আটক করেছে জনতা। আটককৃতরা হলো- বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের সায়ের আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৩৫), একই গ্রামের নূর আলীর স্ত্রী আলপনা বেগম (২৬) ও ছোট মিয়ার স্ত্রী নূরজাহান (২৩)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের কামাল মিয়ার স্ত্রী নাছিমা আক্তার গতকাল দুপুরে সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য আসেন। হাসপাতালে ডাক্তারের চিকিৎসা শেষে সরকারি ওষুধ নেয়ার জন্য তিনি লাইনে দাঁড়ান। ওই সময় প্রচন্ড ভিড় থাকার ফলে আটককৃতদের মধ্যে একজন প্রথমে নাছিমাকে ধাক্কা দিয়ে অমনোযোগী করেন। ওই সময় অন্যজন নাছিমার গলা থেকে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে দৌঁড় দেয়। এ সময় নাছিমা শোর চিৎকার করলে আশপাশের লোকজন দৌঁড়ে ৩ মহিলাকে আটক করে। খবর পেয়ে সদর থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে নাছিমার স্বামী কামাল মিয়া বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। ছিনতাই হওয়া স্বর্ণের চেইনটি অন্যজন নিয়ে পালিয়ে গেছে। পুলিশের ধারণা তারা বেশ কয়েকজন ছিল।
আটককৃতরা সাংবাদিকদের জানান, তারা বি-বাড়িয়া জেলার ধরমন্ডল থেকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে এসেছিলেন।









