সুলতান মামদপুরে ঝুঁকিপূর্ণ তিন তলা বিল্ডিং নির্মাণ করছেন এক ব্যক্তি
জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর লিখিত অভিযোগ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর সুলতান মামদপুর গ্রামে এক ব্যক্তি ঝুঁকিপূর্ণ বিল্ডিং নির্মাণ করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, সুলতান মামদপুর গ্রামের সফিকুর রহমান ইঞ্জিনিয়ারিং প্ল্যান নকশা ব্যতিত অপরিকল্পিতভাবে নিজের ছাদ নির্মাণ করছেন। যাতে শুধুমাত্র ৩ সূতা সাইজের রড দিয়ে বেইজ ও মাত্র তিন ফুট গভীর হতে পিলার নির্মাণ করা হয়েছে। বর্তমানে অপরিকল্পিত ও মারাত্মক ঝুঁকিপূর্ণভাবে ৩ তলা নির্মাণ কাজ শুরু করছেন তিনি। অভিযোগে আরো উল্লেখ করা হয়, বিল্ডিংটি ৩ তলা হলে যে কোন সময় প্রাকৃতিক দুর্যোগে হেলে পড়ে কিংবা ভেঙ্গে আশপাশের বাড়িঘরের উপর পড়ে জান-মালের ক্ষতি হতে পারে। তাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষে আব্দুল মন্নাফ ও আব্বাছ উদ্দিন গতকাল জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন।
শেষ পাতা