শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে
নবীগঞ্জের কুর্শি ইউনিয়নে মতবিনিময় সভায় বক্তারা
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়ন পরিষদ হলরুমে মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার কার্যাক্রম সংক্রান্ত এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট মাছুম আহমেদ জাবেদ, নবীগঞ্জের পিআইও জহিরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী ফরিদ আহেমদ।
সভায় ইউএনও শামছুল ইসলাম বলেন, শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে হলে শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, ফ্যাসিলিটিজসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে। কিন্তু দুর্নীতির কারণে সাধারণ জনগণ নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তিনি বলেন, শিক্ষকদের পাঠদানের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইভটিজিং সম্পর্কে তিনি বলেন, বাবা-মা, ভাই-বোনকে সম্মান করলে সমাজে ইভটিজিং প্রবণতা কমে যাবে।
চেয়ারম্যান সৈয়দ খালেদ বলেন, আগামীতে প্রাইমারি, হাইস্কুল ও মাদ্রাসায় ভাল ফলাফলের জন্য শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।