বানিয়াচঙ্গে দ্রুতগামী মোটর সাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু ॥ চালকের পলায়ন
বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ ভায়া শিবপাশা সড়কে মোটর সাইকেল চাপায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ শেখ মোঃ লিবাছ উল্লা (৭০) আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার বেলা পৌণে ২টায় ওই সড়কের আইঞ্জনের নিকটবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই চালক সিরাজুল ইসলাম (২৩) পালিয়ে যায়। চালক সিরাজুল বানিয়াচঙ্গ উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের ইসাক মিয়ার পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বানিয়াচঙ্গ উপজেলার গ্যানিংগঞ্জ বাজার থেকে সওদা করে বাড়ি যাচ্ছিলেন লিবাছ উল্লা। পথিমধ্যে বিপরীত দিক থেকে বেপরোয়াভাবে আসা মোটর সাইকেলটি পথচারী লিবাছ উল্লাকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে বানিয়াচঙ্গ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার লিবাছ উল্লাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান, হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। হয়তোবা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে থানার এসআই ইকবাল আহমেদ হাসপাতালে গিয়ে লাশের ছুরতহাল তৈরি করেন। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহতের স্বজনদের কান্না।
প্রথম পাতা