ঢাকা থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রকে লাখাই থেকে উদ্ধার করেছে র‌্যাব
লাখাই প্রতিনিধি ॥ ঢাকা থেকে অপহরণ হওয়া মাদ্রাসা ছাত্রকে হবিগঞ্জ জেলার লাখাই থেকে উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র হচ্ছে ঢাকার কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া পাঠের ভাগ গ্যাস রোড এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে শফিকুল ইসলাম ইয়াছিন। অপহরণের ৮ দিন পর র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা গত ১৬ জুলাই মুড়াকরি থেকে তাকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র শফিকুল ইসলাম ইয়াছিন মাদ্রাসা থেকে বাসায় ফিরছিল। পথে তার ফুফাতো বোন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আতখুড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী রীনা আক্তার তাকে ফুসলিয়ে ঢাকা থেকে লাখাই উপজেলার শিবপুর গ্রামে নিয়ে আসে। সেখানে তিন দিন থাকার পর ইয়াছিনকে নিয়ে আসে মুড়াকরি গ্রামে জিয়াধন বিবির বাড়িতে। সেখান থেকে মোবাইল ফোনে ০১৯২১৩৯০৩৩৩ নাম্বার থেকে অপহৃতের ভাই আনিসুর রহমানের নিকট চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। অপহরণকারী দলের সঙ্গে অপহৃতের ভাই আনিসুর রহমানের দর কষাকষি হয়। এরই মাঝে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম মুড়াকরি গ্রামের নির্ধারিত স্থানগুলো ঘিরে ফেলে। অপহরণকারীরা বিষয়টি আঁচ করতে পেরে শিশুটিকে বাহাদুর মেম্বারের নিকট রেখে পালিয়ে যায়। চেয়ারম্যান-মেম্বারের সাহায্যে র‌্যাবের এএসপি মঞ্জুরুল ইসলাম অপহৃত ইয়াছিনকে উদ্ধার করে লাখাই থানায় হস্তান্তর করেন।
এ ঘটনায় অপহৃতের ভাই আনিসুর রহমান বাদী হয়ে লাখাই থানায় একটি মামলা দায়ের করেন।

প্রথম পাতা