জেদ্দা থেকে মুহাম্মদ শামীম আহমেদ ॥ গত ১৭ জুন স্থানীয় সময় রাত ৮টায় সৌদি আরবের মক্কা আল মুকাররমায় পবিত্র কা’বা ঘরে পবিত্র ওমরাহ্ পালন করেছেন বিএনপি চেয়ারপারসন ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। এ সময় তাঁর সফরসঙ্গীগণ ছাড়াও সৌদি আরব বিএনপি সভাপতি আহমদ আলী মুকিবের নেতৃত্বে কয়েকশ’ প্রবাসী বাংলাদেশী ও বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ওমরাহ্ শেষে দেশ ও জনগণের কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করেন বেগম জিয়া। এর আগে ১৬ জুন বাদ মাগরিব সৌদি যুবরাজ নায়েফ বিন আব্দুল আজিজের জানাজার নামাজে বিএনপি’র একটি প্রতিনিধি দল অংশ নেয়। দুপুরে আইডিবি চেয়ারম্যান মোঃ আহমদ আলী বেগম জিয়ার সাথে জেদ্দাস্থ রয়েল প্যালেসে সৌজন্য সাক্ষাত করেন ও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় সফর সঙ্গী ছাড়াও সৌদি আরব বিএনপি সভাপতি আহমদ আলী মুকিব উপস্থিত ছিলেন।








