শায়েস্তাগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ ॥ পৌর মেয়র কাউন্সিলর পুলিশসহ শতাধিক আহত
বাসাবাড়ি ও দোকান ভাংচুর ॥ সালিশে মিমাংসার উদ্যোগ
মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরানবাজার শাহী ঈদগাহ ময়দানের নিকটবর্তী একটি জমি থেকে পানি ছাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র, কাউন্সিলর, এসআইসহ শতাধিক আহত লোক হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি থেকে পানি ছাড়াকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে পুরানবাজার এলাকায় উবাহাটা ও বিরামচর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ একে অপরের উপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমদ অলি, কাউন্সিলর আব্দুল মজিদ ও এসআই আব্দুল মোতালেব আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ সৈয়দুজ্জামানসহ একদল পুলিশ। সংঘর্ষ ব্যাপক রূপ লাভ করলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, দক্ষিণ সার্কেলের এএসপি মোঃ মোজাম্মেল হোসেন, চুনারুঘাট থানার ওসি শেখ কবিরুল ইসলামসহ আর্মড পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষে গুরুতর আহত হন ইসলাম উদ্দিন (৩০), ওস্তার মিয়া (১৮), বাবুল মিয়া (২৬), আব্দুল হাই (৪০), শাহীন মিয়া (২৬), জুনায়েদ তালুকদার (২০), কছির মিয়া (১৮), বাবুল মিয়া (৩০), ইমদাদুল হক (৩০)। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষ চলাকালে বিভিন্ন বাসা-বাড়ি ও দোকান ভাংচুর করা হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।
এদিকে পরিস্থিতি শান্ত হলে সন্ধ্যায় পুরানবাজারে আরজু মিয়ার ঘরে প্রশাসনের উদ্যোগে এক সভা বসে। পৌর মেয়র ফরিদ আহমদ অলি, পৌর কাউন্সিলর আ.স.ম আফজল আলী, আব্দুল মজিদ, আব্দুল গফুর, আবু আহমেদ চৌধুরী বেলু, খায়রুল আলম, সাবেক মেম্বার রজব আলী, চান্দ আলী, সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা আব্দুল বারিক, আব্দুল্লাহ সরদার, শাহজাহান চৌধুরী সেজু, সমাজসেবক শাহজাহান মিয়াসহ বিভিন্ন স্তরের শত শত লোক সভায় উপস্থিত ছিলেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ২৩ জুন শনিবার শায়েস্তাগঞ্জ শাহী ঈদগাহ মাঠে সালিশ বৈঠক বসার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রথম পাতা