জমির সীমানা নিয়ে বিরোধ ॥ বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত
নূরুল ইসলাম মনি, বাহুবল থেকে ॥ বাহুবলে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতরা বাহুবল ও হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে গ্রেফতারের ভয়ে অনেকেই হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে নারিকেলতলা গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের কর্মাবাদ গ্রামের এখলাছ মিয়ার পুত্র দরছ মিয়া ও পার্শ্ববর্তী নারিকেলতলা গ্রামের ইদ্রিছ আলীর পুত্র বুলবুল মিয়ার মাঝে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি এ বিরোধ বাড়তে থাকলে স্থানীয় মুরুব্বীগণ বিষয়টি সালিশ নিষ্পত্তির উদ্যোগ নেন। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে সালিশকারীগণ ব্যর্থ হলে উভয়পক্ষ সংঘর্ষের প্রস্তুতি শুরু করে। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা পয়েন্টের অদূরে রহমান ফিলিং স্টেশনের সামনে রাস্তায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। তন্মধ্যে নারিকেলতলা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র রমজান আলীকে (৩০) হবিগঞ্জ ও সিংহনাদ গ্রামের আব্দুর রহমানের পুত্র হিরা মিয়াকে (৪৫) বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহুবল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়া অন্যান্য আহতরা হলেন- নারিকেলতলা গ্রামের আয়মন (৫৫), আফজল (২২), হান্নান (১৮), আফিল (৩৫), ফয়েজ (২৫), আহমদ (৩০), মাহির (৩০), অনর (৪০), মনির (৩০), সবুজ (২৫); কর্মাবাদ গ্রামের দরবেশ (৫০), মাসুক (২৪), মইন (৫৮), জালাল (৪০), গনি (৬০), আরজু (৫০), দরছ (৩৫); সিংহনাদ গ্রামের ইসহাক (২৮) ও লোহাখলা গ্রামের মর্তুজ (৪০)।

প্রথম পাতা