চুনারুঘাটে বৃষ্টির পানিতে বন্যা ॥ বজ্রপাতে একজনের প্রাণহানি
হাজার হাজার একর আউশ ফসল পানির নিচে ॥ শত শত পুকুরের মাছ ভেসে গেছে
চুনারুঘাট প্রতিনিধি ॥    আষাঢ়ের প্রথম দিন গতকাল শুক্রবার ৫ ঘন্টার প্রবল বৃষ্টিতে চুনারুঘাটে বন্যা দেখা দিয়েছে। উজানের ঢলে খোয়াই, করাঙ্গী ও সুতাং নদীর পানি উপচে এবং বৃষ্টির পানিতে উপজেলার ১০টি ইউনিয়নে হাজার হাজার একর আউশ ফসল পানিতে তলিয়ে গেছে। গত ১০ বছরের ইতিহাসে একদিনে চুনারুঘাটে ২৪.৪০ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে দুপুর ১২টায় উপজেলার বড়কোটা গ্রামে বজ্রপাতে ১ জনের প্রাণহানি ঘটেছে। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খোয়াই নদীর পানি রাজার বাজার এলাকায় সিওডাইক বাঁধ উপচে কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল ডুবে গেছে।
সকাল ৯টার দিকে চারদিক অন্ধকার হয়ে প্রবল বেগে বৃষ্টি শুরু হয়। বিরামহীনভাবে চলে বেলা ২টা পর্যন্ত। এরই মধ্যে বৃষ্টির পানিতে ডুবে যায় উপজেলার ১০টি ইউনিয়নের হাজার হাজার একর আউশ ফসল। ভেসে যায় শত শত পুকুরের মাছ। নিম্নাঞ্চলের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেলে মানুষজন পড়ে দুর্ভোগে। উপজেলার আমতলী-কাচুয়া রাস্তা পানিতে ডুবে যায়। চুনারুঘাট-আসামপাড়া সড়ক পানিতে ছুঁই ছুঁই। ঝুঁকির মধ্যে এ সড়কে যান চলাচল করছে। রাজার বাজার এলাকায় খোয়াই নদীর সিওডাইক বাঁধ উপচে পানিতে আহমদাবাদ ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল তলিয়ে যায়। অনেকের বাড়িঘরে পানি উঠে পড়ে। গাজীপুর, আহমদাবাদ, দেওরগাছ, মিরাশী, রাণীগাঁও, পাইকপাড়া ও শানখলা ইউনিয়নের বেশির ভাগ গ্রামের ফসল পানিতে তলিয়ে রয়েছে। এসব এলাকার আউশ ফসল এখন পানির নিচে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, উজানের ঢল এসে খোয়াই, করাঙ্গী ও সুতাং নদীর পানি চারদিকে ছড়িয়ে পড়ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খোয়াই, করাঙ্গী ও সুতাং নদী বিধৌত এলাকার কালিশিরি, ছয়শ্রী, ঘনশ্যামপুর, আমকান্তি, কাচুয়া, চন্দনা, রাজার বাজার, বগাডুবি, বড়বাড়ি. ধনশ্রী, দেওরগাছ, চান্দপুর, সাঁড়েরকোণা, মহিমাউড়া, শানখলা, লালচান্দ, ডেউয়াতলী, মুছিকান্দি, আলীরাজাপুর, দুবাড়িয়া, আলাপুরসহ বিভিন্ন গ্রামের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
দুপুর ১২টায় বড়কোটা গ্রামের মৃত মোজাফ্ফর উল্লাহর ছেলে নুরুল হক (৪৫) বজ্রপাতে মারা গেছেন। তিনি বাড়ির পাশেই জমিতে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন।
প্রথম পাতা