নবীগঞ্জে চুরি ডাকাতি প্রতিরোধে অচিরেই চিরুনী অভিযান পরিচালনা করবে পুলিশ
নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, চুরি ডাকাতি রোধে জনগণকে সচেতন হতে হবে। তদন্ত ছাড়া কোন মামলা রেকর্ড করা যাবে না। নিজেরা যদি চোর ডাকাতের তালিকা করে পুলিশের কাছে জমা দেয় তাহলে তারা পরীক্ষা করে ব্যবস্থা নিবেন। অচিরেই নবীগঞ্জে চুরি ডাকাতি, ট্রান্সমিটার চুরি রোধে অচিরেই চিরুনী অভিযান পরিচালনা করবে পুলিশ। এ অভিযানে পুলিশকে সকলের সাহায্য-সহযোগিতা করতে হবে। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও বাজারের ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত আইন-শৃংখলা উন্নয়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইউপি চেয়ারম্যান ছালিক মিয়ার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সুজাত মিয়া চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাছেদ, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শফিউল আলম হেলাল, দৈনিক সমকাল প্রতিনিধি এমএ আহমদ আজাদ। স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল। বক্তব্য রাখেন খালিছ মিয়া, আকলু মিয়া চৌধুরী, আবুল ফজল মেম্বার, সাবেক মেম্বার মামুন মিয়া, ফজলুর রহমান চৌধুরী, হাজী আছদ্দর আলী, জামাল চৌধুরী, মোস্তফা মিয়া, নঈমদ্দিন মেম্বার, সাজু আহমদ প্রমূখ। সভায় এলাকাবাসী জানান, দীঘলবাক ইউনিয়নে ইদানিং পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার ও টিউবওয়েলের মাথা চুরির হিড়িক পড়েছে। এলাকাবাসী কয়েকদিন পূর্বে তিনজন ট্রান্সমিটার চোরকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। আরো অনেক চোর এলাকায় রয়েছে। তাদের গ্রেফতারের দাবিতে এ সভার আয়োজন করা হয়।