নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে ॥ হামিদ চৌধুরী
পল্লীবন্ধু এরশাদকে ক্ষমতায় বসাতে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতিতে যোগদান করেছেন। এ উপলক্ষে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে গতকাল সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি মুরাদ আহমদের সভাপতিত্বে ও পৌর জাতীয় যুব সংহতির সদস্য সচিব রঞ্জু দেবের পরিচালনায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে নবীগঞ্জ-বাহুবল আসনে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টি নেতা আব্দুল হামিদ চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আগামীদিনে সরকার গঠনে ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদকে ক্ষমতায় বসাতে জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের একযোগে সাংগঠনিক কাজ করতে হবে। যোগদানকারীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, তাদের যোগদানের মাধ্যমে পল্লীবন্ধু এরশাদের হাত আরো শক্তিশালী হবে। এতে বক্তব্য রাখেন আব্দুস সহিদ চৌধুরী আফজল, নুর মিয়া, খায়রুল ইসলাম, জানফর মিয়া, আব্দুল হাদী, ফতেহ আলম, নুর আলী, আক্কাছ মিয়া, হালিম হোসেন হৃদয়, আব্দুল করিম প্রমুখ।
অনুষ্ঠানে দেবপাড়া ইউনিয়নের লতিবপুর, দক্ষিণ হোসেনপুর ও কুর্শি ইউনিয়নের দুর্লভপুর, সন্দলপুর গ্রাম থেকে বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি নেতা আব্দুল হামিদ চৌধুরীকে লাঙ্গল উপহার দিয়ে জাতীয় পার্টি ও যুব সংহতিতে যোগদান করেন।