সত্যিকারের মানুষ হতে হলে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার বিকল্প নেই ॥ জেলা প্রশাসক
হবিগঞ্জে মন্দিরভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক মাহমুদ হাসান বলেছেন, ছাত্রছাত্রীদের শুধু শিক্ষিত হলেই চলবে না, সত্যিকারের মানুষ হতে হবে। এক্ষেত্রে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানে আন্তরিকতা থাকলেই কেবল ছাত্রছাত্রীরা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তিনি গতকাল মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের রিফ্রেশমেন্ট প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অভিজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও প্রদীপ দাশ সাগরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আব্দুল ওয়াদুদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল চন্দ্র ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু। অনুষ্ঠানে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন শিক্ষক মিন্টু তন্তবায়।
দিনব্যাপী প্রশিক্ষণে সহকারী পরিচালকসহ ফিল্ড সুপারভাইজার সাইফুল ইসলাম চৌধুরী ও পরেশ চন্দ্র দাস পাঠদান কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। প্রশিক্ষণ কর্মশালায় হবিগঞ্জ জেলায় কর্মরত ১৩৫ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।