হবিগঞ্জ জেলায় অর্পিত সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ৮০৭ একর
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন কার্যক্রম শুরু ॥ গেজেট তালিকা প্রকাশ
স্টাফ রিপোর্টার ॥ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১ (সংশোধিত ২০১১) এর আওতায় বিভিন্ন প্রক্রিয়া হবিগঞ্জ জেলায় শুরু হয়েছে। ইতোমধ্যে ক ও খ তফশীলভূক্ত অর্পিত সম্পত্তির গেজেট তালিকা এসে পৌঁছেছে। এ সম্পর্কিত তথ্যাদি জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং জেলা আইন সমিতি কার্যালয়ে পাওয়া যাবে। আইন অনুসারে গেজেট তালিকা প্রকাশের ৯০ দিনের মধ্যে অর্পিত সম্পত্তির মূল মালিকদেরকে আবেদন করতে হবে। আবেদন শুনানি ক তফশীলের জন্য ট্রাইব্যুনাল ও খ তফশীলের জন্য কমিটি গঠন করা হয়েছে। অবশ্য খ তফশীলের গেজেট ছাপায় বিলম্ব হওয়ায় ইতোমধ্যে মন্ত্রীসভায় সময় বাড়ানো হয়েছে।
ক ও খ তফশীল অনুসারে হবিগঞ্জ জেলায় অর্পিত সম্পত্তির পরিমাণ হচ্ছে ১৮ হাজার ৮০৭ একর। এর মধ্যে ক তফশীলের লীজ দেওয়া এবং খ তফশীলের লীজ বহির্ভূত সম্পত্তি রয়েছে ১৩ হাজার ১৭৪ একর। উপজেলা ওয়ারি তালিকা অনুযায়ী অর্পিত সম্পত্তির পরিমাণ হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলায় ক তফশীলে ১ হাজার ২৮৬ একর, খ তফশীলে ২ হাজার ৫৪১ একর, নবীগঞ্জ উপজেলায় ক তফশীলে ৮২২ একর খ তফশীলে ২ হাজার ৪৩৩ একর, বানিয়াচঙ্গ উপজেলায় ক তফশীলে ৬৫৩ একর খ তফশীলে ৮৯৫ একর, আজমিরীগঞ্জ উপজেলায় ক তফশীলে ১ হাজার ১৮০ একর, খ তফশীলে ১ হাজার ৫৩৫ একর, লাখাই উপজেলায় ৭৬২ একর খ তফশীলে ২ হাজার ৯৯৫ একর, মাধবপুর উপজেলায় ক তফশীলে ২৮৭ একর খ তফশীলে ১ হাজার ৫২৯ একর, চুনারুঘাট উপজেলায় ৩৩৫ একর, খ তফশীলে ৬৭০ একর এবং বাহুবল উপজেলায় ক তফশীলে ৩০৬ একর, খ তফশীলে ৫১৩ একর।