স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনার পর শিক্ষা অফিসে হামলা ভাংচুর করার অভিযোগে বিএনপির অন্তত ৫০ থেকে ৬০ জন নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী প্রদীপ কান্তি রায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, শনিবার বিকেলে নেতাকর্মীরা একত্রিত হয়ে তিনকোণা পুকুর পাড়ে অবস্থিত জেলা শিক্ষা অফিসের ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করা হয়। এতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ সদর থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









