পৌরসভার নয়া নির্ধারিত হারে পৌর কর পরিশোধ না করতে এমপি আবু জাহিরের আহবান
নূরুল হক কবির ॥ আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। আওয়ামী লীগ সরকার পৌরসভার কর বৃদ্ধি করেনি। পৌর মেয়র সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে পৌর কর বৃদ্ধি করেছেন। পৌরবাসীকে সাথে নিয়ে নির্ধারিত পৌর করের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। হবিগঞ্জ শহরের আরডি হলে পৌর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় এমপি এডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি পৌরসভার নয়া নির্ধারিত হারে পৌর কর পরিশোধ না করতে পৌরবাসীর প্রতি আহবান জানান। হবিগঞ্জ পৌরসভায় হামলা ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ শরীফ উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, অনুপ কুমার দেব মনা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর মুকুল আচার্যী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ। সভায় বক্তারা দাবি করেন পৌরসভার নির্ধারিত পৌর করের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে মেয়র ও তার লোকজন পৌরসভায় ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।