হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা সৈয়দ সিরাজুল আব্দাল মামুনের নামে চৌধুরীবাজার থেকে শায়েস্তানগর পর্যন্ত প্রধান সড়কের নামকরণের দাবি জানিয়েছেন স্বাধীনতা ফাউন্ডেশনের চেয়ারম্যান বঙ্গবন্ধু সৈনিক বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা দেয়ান আব্দুল কাইউম ও ভাইস চেয়ারম্যান হারুনুর চৌধুরী রাজা। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালে সিলেটের লাকাতোয়া চা বাগানের সহকারি ম্যানেজার পদে চাকুরিতে কর্মরত থাকাকালে পাক হানাদার বাহিনী সৈয়দ আব্দাল মামুনকে গ্রেফতার করে সিলেট কারাগারে নিয়ে আসে। কিছুদিন পর মুক্তিযোদ্ধারা সিলেটকে দখল করলে তিনি জেল থেকে বের হয়ে ভারতে চলে যান। তিনি ভারতে গিয়ে মুজিব সরকারের যুদ্ধ পরিচালনা কমিটির পরামর্শ দাতা হিসেবে দায়িত্ব পান। সেখান থেকে তিনি দেশের টানে ছুটে এসে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাল্লাকান্দি গ্রামে তার শ্বশুরবাড়িতে গেলে আবারও পাক হানাদার বাহিনীর কাছে ধরা পড়েন। তারপর পাক হানাদার তাকে তৎকালীন সিলেট চালুটিকর বিমানবন্দরের পাকিস্তানী ক্যাম্পে নিয়ে নির্মমভাবে নির্যাতন শুরু করা হয়। এ সময় তার সাথে ছিলেন সিলেট যুগভেরী পত্রিকার সম্পাদক ও মালিক আমিনুর রশীদ চৌধুরী। পরবর্তীতে আমিনুর রশীদ চৌধুরীর ভাই কায়সার রশিদের সহযোগিতায় বের হয়ে আসেন। এরপর থেকে সিরাজুল আব্দাল মামুনের কোন খোঁজ পাওয়া যায়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিরাজুল আব্দাল মামুনের মা’র নিকট নগদ ৫শ’ টাকা ও একটি চিঠি পাঠান। আজও তাদের পরিবারের কাছে তা রক্ষিত আছে। আমরা স্বাধীনতা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার স্মৃতি রক্ষার্থে বর্তমান সরকারের কাছে চৌধুরীবাজার থেকে শায়েস্তানগর পর্যন্ত প্রধান সড়কটি তার নামে নামকরণের দাবি জানাচ্ছি।








