স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের রাজিউড়ায় ভুট্টা চাষ করে কৃষি বিপ্লবের স্বপ্ন দেখছেন কৃষক আব্দুর রহমান নজরুল। এবার প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে ৩ একর জমিতে ভুট্টা চাষ করেন তিনি। গত ডিসেম্বরে আবার শুরু করলে অনেকেই বিভিন্নভাবে তাকে নিরুৎসাহিত করে। কিন্তু তাতে তিনি কর্ণপাত করেননি। চেষ্টা চালিয়ে যান। তাকে সর্বাত্মক সহযোগিতা করে কৃষি বিভাগ। চাষাবাদে তার ব্যয় হয়েছে ৫০ হাজার টাকা। বর্তমানে তার জমিতে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। তা দেখে এলাকার অনেক কৃষকই উদ্বুদ্ধ হয়েছে বলে জানান নজরুল। গতকাল রবিবার জমি পরিদর্শনে গিয়ে এর সফলতা দেখেন সদর সহকারী কৃষি কর্মকর্তা প্রজেশ চন্দ্র দেব। তিনি বলেন, ভুট্টা চাষ ধান থেকে অনেক লাভজনক। তাই ভুট্টা চাষে তারা কৃষকদের উদ্বুদ্ধ করেছেন। ক্রমেই সফলতা আসবে বলে তিনি দাবি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুনীল চন্দ্র দাশ।








