স্টাফ রিপোর্টার ॥ সকলের সহযোগিতায় হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে। বিশেষ করে প্রবাসীদের আর্থিক সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হাঁটি হাঁটি পায়ে এগিয়ে চলা এ হাসপাতালটি প্রবাসীদের সহযোগিতায়ই বাস্তব রূপ লাভ করেছে। আমাদের বিশ্বাস- একদিন এই হাসপাতাল মেডিকেল কলেজে রূপ নেবে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন সমিতির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, হাসপাতালটি নির্মাণ সম্পন্ন, যন্ত্রপাতি ক্রয় এবং যথাযথ পরিচালনার জন্য এখনও প্রচুর অর্থের প্রয়োজন। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সবাইকে এগিয়ে আসতে হবে।হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। ২০১০-১১ অর্থ সালের অডিট রিপোর্ট পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফনীভূষণ দাশ। শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন ফজলুল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সফিকুল বারী আউয়াল, এডভোকেট আবুল মনসুর, সুভাষ চন্দ্র দেব, প্রফেসর মুজিবুর রহমান, ডাঃ মোঃ জমির আলী, বাদল রায়, অনুপ কুমার দেব মনা প্রমূখ।
অনুষ্ঠানে হাসপাতালের অন্যতম দাতা ইংল্যান্ড প্রবাসী গোলাম মোস্তফা চৌধুরী এমবিই উপাধিতে ভূষিত হওয়ায় সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।









