কিবরিয়ার মতো নেতার কারণে হবিগঞ্জের মুখ সারাদেশে উজ্জল হয়েছে ॥ এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, রাজনৈতিক জীবনের সকল সময় এই অঞ্চলের মানুষের সাথে ছিলাম। বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বেশি কাজ হয়ে থাকলে আবারও জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে। কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। এরশাদ-খালেদার আমলে ভোটের অধিকার হরণ হয়েছে। আমরা জনগণের ভোটের অধিকার এনে দিয়েছি। গতকাল নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চারদলীয় জোটের আমলে সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেদিন আমি নিজেও ক্ষতবিক্ষত হয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে গিয়েছি। কিন্তু কিবরিয়াকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি বলেন, কিবরিয়ার মতো নেতার কারণে হবিগঞ্জের মুখ সারাদেশে উজ্জল হয়েছে। তিনি বেঁচে থাকলে দেশের মানুষ আরো উপকৃত হতো।
সভায় আব্দুল মালেকের নেতৃত্বে অর্ধশতাধিক লোক বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে যোগদান করে। এ সময় এমপি আবু জাহির তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
গতকাল বিকেল ৪টায় নূরপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাবেক অর্থমন্ত্রী শাহএএমএস কিবরিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সৈয়দ গাজিউর রহমান, আলী আহমদ খান, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সিরাজুল ইসলাম তালুকদার ইনু মিয়া, আব্দুল কদ্দুছ তালুকদার সেবন, সৈয়দ মাসুক ভান্ডারী, গাজীউর রহমান ইমরান, ফখরুল হামিদ, ইছাক আলী সেবন, গিয়াস উদ্দিন মুখলিছ, সাজিব, অপু। স্বাগত বক্তব্য রাখেন ইসহাক আলী। সভা পরিচালনা করেন আব্দুল কাদির আছাদ ও খেলু মিয়া।
এদিকে পরিচিতি সভা শেষে চানপুর বৈশাখী থিয়েটারের উদ্যোগে ব্যাডমিন্টন ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এমপি আবু জাহির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন।