রনু বিশ্বাস ॥ আজ বিদ্যাদেবী সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীরা মাঘ মাসের শুক্লাপঞ্চমীর পূণ্যতিথিতে ‘ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষ্মি বিদ্যাং দেহি নমোহস্তুতে’ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করবেন। সরস্বতী পূজা উপলক্ষে ভক্তরা আজ উপবাস থেকে মায়ের পায়ে অঞ্জলি দেবেন। মহাপবিত্র ধর্মগ্রন্থ বেদে সরস্বতীকে জ্যোতিস্বরূপ ও নদীরূপে পূজা করা হয়। পুরাণে সরস্বতী বাগ ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীরূপে পূজিত হয়। সরস্বতী পূজায় বন্দনার জন্য গতকাল দেশের মন্দিরে মন্দিরে প্রতিমা এনে পূজার আয়োজন সম্পন্ন করা হয়েছে। বিদ্যাদেবীকে সাধারণত শিক্ষার্থীরাই আরাধনা করে বেশি। হবিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোসহ বিভিন্ন এলাকায় সরস্বতী পূজা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।বাণী বন্দনায় এডভোকেটবৃন্দ হবিগঞ্জ পূজা কমিটি ঃ এবারই প্রথমবারের মতো সরস্বতী পূজা আয়োজন করেছে হবিগঞ্জের সনাতন ধর্মাবলম্বী এডভোকেটবৃন্দ। স্থানীয় গোপীনাথ জিউড় আখড়ায় এডভোকেট নারদ গোপের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় পূজারম্ভ, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, সন্ধ্যারতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, শচীন্দ্র ডিগ্রী কলেজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, জেকে এন্ড এইচকে উচ্চ বিদ্যালয়, প্রত্যাশা কোচিং সেন্টার, নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয় ও মন্দিরে সরস্বতী পূজা আয়োজন করা হয়েছে।









