উন্নয়ন বাধাগ্রস্ত করতেই একাত্তরের পরাজিত শক্তিরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে
চুনারুঘাটে সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ
হাছান আলী, চুনারুঘাট থেকে ॥ সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, পেটের ভাত, পিঠের কাপড় ও রাতের ঘুম নিশ্চিত করে সরকার যখন দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখনই ৭১’র পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান তিনি। গতকাল শুক্রবার বিকেলে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের’ আওতায় ২৫ ভাগ ভর্তুকিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও সমাজকল্যাণ পরিষদের প্রদত্ত নগদ টাকা এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সুদমুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি    এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক যন্ত্রপাতিতে অচিরেই প্রত্যেক কৃষক দক্ষ হয়ে উঠবে। কৃষি ক্ষেত্রে সরকারের ব্যাপক সহযোগিতা অব্যাহত থাকবে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার বলেই ভর্তুকি দিয়ে সার বিতরণের পাশাপাশি কৃষি যন্ত্রপাতি বিতরণ শুরু করেছে। বিদেশী নির্ভর না হয়ে উৎপাদন বাড়িয়ে দেশকে সমৃদ্ধশালী করাই হচ্ছে সরকারের প্রধান কাজ।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হাসান, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, পিপি আকবর হোসেন জিতু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল বাতেন, সমাজসেবা’র উপ-পরিচালক পিযুষ কান্তি দেব, ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাউসার, আবিদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন, আওয়ামী লীগ সেক্রেটারী আবু তাহের। বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম পাঠোয়ারী, কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, আবেদ হাসনাত সনজু চৌধুরী, আঃ ওয়াহেদ মাস্টার, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান।
মন্ত্রী উপজেলার ৮৬ জন দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে সমাজকল্যাণ পরিষদের বরাদ্দকৃত ২ লাখ ৪৩ হাজার টাকা, ৪০টি আদিবাসী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দকৃত সুদমুক্ত ৫ লাখ ২০ হাজার টাকা এবং ৫৪ জন প্রান্তিক কৃষকের মধ্যে ২৫ ভাগ ভর্তুকীতে ট্রাক্টর, পাওয়ার টিলার, পাওয়ার প্রেসার ও হ্যান্ড প্রেসার বিতরণ করেন।