চুনারুঘাটের বাল্লা সীমান্তের শতাধিক চোরাকারবারী এখন এলাকা ছাড়া
চুনারুঘাট প্রতিনিধি ॥ ক্ষেপে উঠেছে চুনারুঘাট বাল্লা সীমান্তের চোরাকারবারীরা। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র জেহাদ ঘোষণার পর শতাধিক চোরাকারবারী এলাকা ছেড়ে পালিয়ে গেছে। গত কয়েকদিন ধরে সীমান্তে কোন অপরাধী দেখা যাচ্ছে না। গত ২৪ জানুয়ারি উপজেলা আইন-শৃঙ্খলা সভায় বাল্লা বিজিবি’র হাবিলদার রাজ্জাক অস্ত্র হাতে নিয়ে চোরাচালান রোধে কড়া টহল পরিচালনার অঙ্গিকার করলে ক্ষেপে উঠে আন্ডারওয়ার্ল্ড। এতে চোরাচালান রাজ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে। ওইদিন বিকেলে হানিফসহ একদল মাদক ব্যবসায়ীকে বিজিবি জোয়ানরা আটক করলে চোরাচালানীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এরা হাবিলদার রাজ্জাকের বিরুদ্ধে অবস্থান নেয়। গত বৃহস্পতিবার রাতে বাল্লা সীমান্তের চিহ্নিত চোরাকারবারীর বাড়িঘরে অভিযান চালানোর পর বাড়িঘর ছেড়ে আত্মগোপন করে সীমান্ত সন্ত্রাসীরা। বিজিবি জোয়ানরা সীমান্ত এলাকায় এখন কাউকে ঘেঁষতে দিচ্ছে না। বাল্লা সীমান্তে চলছে অলিখিত কারফিউ।
সীমান্ত সূত্র জানায়, হাবিলদার রাজ্জাক বাল্লা ক্যাম্পে যোগদানের পর চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। এরই প্রেক্ষিতে তার হাতে আটক হয় বিপুল পরিমাণ রাবার, ভারতীয় মদ, চোরাই মোটর সাইকেলসহ নানা ধরনের পণ্য। বাল্লা বিজিবি কোম্পানী কমান্ডার মোহাম্মদ আলী জানান, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত হাবিলদার রাজ্জাকের অভিযানে পুরো মাদক রাজ্যে এখন অস্থির অবস্থা। সীমান্তের বাল্লা, কুলিবাড়ি, শ্মশানঘাট, বড়ইতলাসহ ৫টি পয়েন্টে ২৪ ঘন্টা কড়া নজরদারী চালিয়ে যাচ্ছে বিজিবি জোয়ানরা। সন্দেহভাজন কাউকে সীমান্তে দেখামাত্র আটক করা হবে বলে তিনি জানান।