চুনারুঘাটে এক যুবকের উপর জুয়াড়িদের হামলা
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জুয়া খেলায় বাঁধা দেয়াতে এক যুবকের উপর হামলা করেছে একদল জুয়াড়ি। এ সময় জুয়াড়িরা ওই যুবকের একটি মোবাইল সেট ও নগদ টাকা লুট করে নেয়। জানা যায়, উপজেলার শাকির মোহাম্মদ বাজারের পরিত্যক্ত রেল স্টেশনের ঘরে একদল জুয়াড়ি গতকাল বৃহস্পতিবার বিকেলে জুয়ার আসর বসায়। এ সময় উপজেলার এখতিয়ারপুর গ্রামের মোঃ আব্দুল হক মেম্বারের পুত্র সোহেল মিয়াসহ একদল লোক জুয়া খেলায় বাঁধা দেয়। বাঁধা দেওয়ার পর ওই জুয়াড়িরা সোহেলকে মারধর করে এবং একটি মোবাইল সেট ও ৪ হাজার ৭৪০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। উল্লেখ্য যে, রেল স্টেশনে প্রতিদিনই ওই জুয়াড়িরা জুয়ার আসর বসায়। এখানে জুয়ার আসর বসাতে এলাকার উঠতি বয়সের যুবকরা বিপথগামী হচ্ছে এবং এলাকায় চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে।