হবিগঞ্জ কালীবাড়ি মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণ দোকানের ভাড়া মূল্যায়ন ও অব্যবহৃত কক্ষ ভাড়া দ
দুর্গাপূজা উদযাপন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসকের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী কালীবাড়ির কার্যকরী কমিটি সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ও জেলা প্রশাসক মাহমুদ হাসানের উপস্থিতিতে সাধারণ সভায় গঠন করা হবে। সেই সাথে মন্দিরের সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মাণ, দোকান কক্ষগুলোর ভাড়া মুল্যায়ন, ভাড়ার চুক্তিপত্র সম্পাদন, অব্যবহৃত কক্ষ ভাড়ার দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। সেই সাথে তিনি কালীবাড়ির সার্বিক উন্নয়নের ব্যাপারে তার কাছে সুপারিশ প্রদানের পরামর্শ দেন। গতকাল সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কালীবাড়ির দুর্গাপূজা উদযাপন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন আলম সাথী, এএসপি নিস্কৃতি চাকমা, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, এডভোকেট পুণ্যব্রত চৌধুরী বিভু, এডভোকেট সুব্রত চক্রবর্তী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার পাল, হীরেন্দ্র দত্ত, শংকর পাল, এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, পৌর কাউন্সিলর দিলীপ সরকার, সুবীর দাশ, শংখ শুভ্র রায়, অলক দত্ত বাবু, রঞ্জু চক্রবর্তী প্রমূখ।
সূত্র জানায়, সভায় শুরুতেই কালীবাড়ির কার্যকরী কমিটি গঠনসহ মন্দিরের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসক অবিলম্বে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মন্দিরের সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মাণের ঘোষণা দেন। সেই সাথে মন্দিরের দোকান কক্ষগুলোর ভাড়া মূল্যায়ন, গঠনতন্ত্র অনুযায়ী ভাড়ার চুক্তিপত্র সম্পাদন, অব্যবহৃত কক্ষ ভাড়ার দ্রুত ব্যবস্থা গ্রহণ ও কালীবাড়ির সার্বিক উন্নয়নের সুপারিশ প্রদানের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন আলম সাথীকে আহবায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল এবং এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। আগামী ১ মাসের মধ্যে এ কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবে। এছাড়া কালীবাড়িতে একটি পাঠাগার স্থাপনের ব্যাপারেও সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে, সাধারণ সভায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এমপি এডভোকেট মোঃ আবু জাহির এবং জেলা প্রশাসক মাহমুদ হাসানের উপস্থিতিতে কালীবাড়ির কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। একটি সূত্র জানায়, ঈদকে সামনে রেখে আজ শুক্রবার সন্ধ্যায় কালীবাড়ির সাধারণ সভায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি নিয়ে শংকা থাকায় পরবর্তী সাধারণ সভায় কার্যকরী কমিটি গঠন করা হতে পারে। আজকের সভায় পর্যাপ্ত উপস্থিতি না থাকলে দুর্গা পূজার পর সাধারণ সভার মাধ্যমে সর্বজন গ্রাহ্য কার্যকরী কমিটি গঠন করা হবে।
একটি সূত্র জানায়, বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হবে। কমিটিতে ভাড়াটিয়াদের ১ জন প্রতিনিধি এবং পদাধিকারবলে মন্দিরের পুরোহিত কমিটির সদস্য হবেন।
সভায় কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার পালকে সভাপতি ও অলক দত্ত বাবুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা প্রশাসকের অনুমোদনের জন্য প্রেরণ করবেন।